বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ মো. সুজাত মিয়া বলেছেন, তার দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাটের উন্নয়নসহ আর্তমানবতার সেবায় সাধ্য অনুযায়ী কাজ করে গেছেন বলে তিনি উল্লেখ করেন।
সোমবার বিকেলে বাহুবল মডেল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. সমুজ আলী রানা।
শেখ সুজাত মিয়া বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে তিনি ইবাদত হিসেবে মনে করেন। নির্বাচিত হলে পর্যায়ক্রমে বাহুবল ও মিরপুরকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন ব্রিজ-কালভার্ট ও রাস্তাঘাটের উন্নয়নে তিনি অতীতে ভূমিকা রেখেছেন এবং আগামীতে নির্বাচনী এলাকার বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে দুই উপজেলায় দুটি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার কারণে এলাকার সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন উল্লেখ করে শেখ সুজাত মিয়া বলেন, তিনি নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকতে চান। অতীতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও তিনি স্মরণ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের শেষ বয়সেও বাহুবল ও নবীগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যেতে চান।